ঢাকা   বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরান যুদ্ধের প্রভাবে দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম

ইরান যুদ্ধের প্রভাবে দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথে ব্যাপক বিঘ্নের জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে (ডিএক্সবি) বছরের প্রথম ছয় মাসে যাত্রী চলাচল এক বছরের ব্যবধানে ৩১.৩ শতাংশ কমেছে। এ সময়ে বিমানবন্দরটি দিয়ে ৩ কোটি ১৫ লাখ যাত্রী যাতায়াত করেছেন, যেখানে গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল প্রায় ৪ কোটি ৬০ লাখ।

আজ বুধবার বিমানবন্দরটির পরিচালনাকারী প্রতিষ্ঠান দুবাই এয়ারপোর্টস প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধ ছিল ডিএক্সবির ইতিহাসের অন্যতম চ্যালেঞ্জিং সময়। আঞ্চলিক আকাশসীমায় বিধিনিষেধ ও ফ্লাইট সূচিতে ব্যাপক পরিবর্তনের কারণে যাত্রী ও বিমান চলাচল উভয়ই কমেছে।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট বাতিল, পুনঃনির্ধারণ ও বিকল্প পথে পরিচালনার ঘটনা বেড়ে যায়। এর প্রভাব উপসাগরীয় অঞ্চলের ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর দুবাইতেও পড়ে। একই সময়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও বৈশ্বিক বিমান পরিবহন খাতে ছড়িয়ে পড়ে।

তবে দ্বিতীয় প্রান্তিকে যাত্রী চলাচলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গেছে। এপ্রিল মাসে ডিএক্সবি দিয়ে ৩৫ লাখ যাত্রী যাতায়াত করেন। মে মাসে তা বেড়ে ৪৫ লাখ এবং জুনে ৫০ লাখে পৌঁছায়। দ্বিতীয় প্রান্তিকে মোট যাত্রী ছিল ১ কোটি ৩০ লাখ, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ কম।

বিমান চলাচলের সংখ্যাও কমেছে। প্রথম ছয় মাসে ডিএক্সবিতে মোট ১ লাখ ৫০ হাজার ৬০০টি উড়োজাহাজ চলাচল করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২.১ শতাংশ কম। একই সময়ে কার্গো পরিবহনও ২৮.৭ শতাংশ কমে ৭ লাখ ৫১ হাজার ৩৪০ টনে দাঁড়িয়েছে।

যুদ্ধের কারণে আন্তর্জাতিক এয়ারলাইনগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে সতর্ক অবস্থান নিলেও এখন ধীরে ধীরে ফ্লাইট ও সক্ষমতা ফিরিয়ে আনছে। ফলে বছরের দ্বিতীয়ার্ধে যাত্রী চলাচল আরো বাড়বে বলে আশা করছে দুবাই এয়ারপোর্টস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পল গ্রিফিথস জানিয়েছেন, সক্ষমতা ফিরতে শুরু করার সঙ্গে সঙ্গে যাত্রী চাহিদাও দ্রুত সাড়া দিচ্ছে।

যুদ্ধ শুরুর আগে চলতি বছর ডিএক্সবিতে প্রায় ১০ কোটি যাত্রী পরিবহনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে প্রথমার্ধের বড় ধরনের ধাক্কার কারণে সেই লক্ষ্যে পৌঁছানো এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রতিবেদন: আল জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন