ইসরাইলের বিরুদ্ধে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সময়ে একাধিক দিক থেকে হামলা চালাতে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজার হামাস, ইয়েমেনের হুথি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির ভাষ্য, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইরানের এই পরিকল্পনার বিষয়ে জানতে পেরেছেন ইসরাইলি কর্মকর্তারা।
জেরুজালেম পোস্ট বলেছে, আরব সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, ইরান এবার ইসরাইলের বিরুদ্ধে একাধিক ফ্রন্ট খুলতে চাইছে। অর্থাৎ একই সময়ে বিভিন্ন দিক থেকে ইসরাইলে হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কর্মকর্তারা সম্প্রতি হিজবুল্লাহ, হুথি ও ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উত্তেজনা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
২০২৩ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে বড় ধরনের হামলা চালায় হামাস। ওই হামলার আগে ইরান বা হিজবুল্লাহকে বিষয়টি জানানো হয়নি। হামাস একাই ওই হামলা চালিয়েছিল।
হামাসের ওই হামলার সময় ইরান ও হিজবুল্লাহ একসঙ্গে সমন্বিতভাবে হামলা চালায়নি। এবার সম্ভাব্য হামলার পরিকল্পনায় সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।






