ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসলামের নামে রাজনীতি করছে, অথচ ইশতেহারে ইসলাম নেই: স্বরাষ্ট্ৰমন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

ইসলামের নামে রাজনীতি করছে, অথচ ইশতেহারে ইসলাম নেই: স্বরাষ্ট্ৰমন্ত্রী

যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে, তাদের ইশতেহারে ইসলামের ধারের কাছেও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তারা মুখে এক কথা বললেও তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা বা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা নেই।

আজ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামীয় আজিজুল উলুম (বাবুনগর) মাদ্রাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল ফ্যাসিবাদী কায়দায় আচরণ করছে। তাদের আচরণে প্রমাণ হচ্ছে, তারাও দেশে শান্তি ও অগ্রগতি চায় না। ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করে তারা বিভক্তি সৃষ্টি করছে।

বিএনপির অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শাপলা চত্বরে কত শহীদ হয়েছেন, তাঁদের নাম আমরা জানি না। তাঁদের কবরের ঠিকানা জানি না। আফসোস। এত রক্তদানের মধ্য দিয়ে, রক্তের সিঁড়ি বেয়ে, রক্তাক্ত গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা ইসলামবিদ্বেষীদের কাছ থেকে মুক্ত হয়েছি।’ তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ থেকে ১৭ বছরের শাসনামলে আলেম-ওলামাসহ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। আমরা সেই ফ্যাসিবাদী সরকার আর চাই না। তাহলে কারা এর পুনরাবৃত্তি করে দিচ্ছে?’

ফ্যাসিবাদী শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনীতিতে ফেরার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা দুঃখ প্রকাশ ও অনুশোচনা না করা পর্যন্ত দেশের মানুষ তাদের রাজনীতিতে ফিরতে দেবে না। শেখ হাসিনাও আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না।’

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি পূরণ করা হয়েছে। এখন আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করা যেতে পারে, তবে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অসহযোগিতা করা যাবে না।

সম্মেলনে দেশবরেণ্য বহু আলেম-ওলামাসহ ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন