বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সারা বিশ্বে জ্বালানি ক্রাইসিস (সংকট) তৈরি হয়েছে। এই জ্বালানি ক্রাইসিসের মধ্যেও আমরা দেশের বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিদেশ থেকে বেশি দাম দিয়ে গ্যাস কিনছি। আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম, তখন গ্যাসের দাম ছিল ১২ ডলার, আর এখন সেই গ্যাসের দাম উঠে গেছে ৩২ ডলারে। আমরা এই কয়েক মাসে ভর্তুকি দিয়েছি ৪৭ হাজার কোটি টাকা।
আজ শুক্রবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী আরও বলেন, এভাবে যদি আমরা দিতে থাকি, তবে সামাজিক প্রকল্পগুলো যেমন রাস্তাঘাটের কাজ করা, ফ্যামিলি কার্ড দেওয়া, স্কুল-স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা এসবের খরচ চালানো কঠিন হয়ে পড়বে। আপনারা যদি সহযোগিতা না করেন, তবে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।
জ্বালানি সংকটের স্থায়ী সমাধান ও বিকল্প উৎস হিসেবে সৌরবিদ্যুতের সুবিধার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা একটা সহজ পদ্ধতি পেয়েছি আল্লাহর দেওয়া সূর্য, আর এই সূর্যের আলোকে বিদ্যুতে তৈরি করা। আমি আপনাদের সহযোগিতা চাই, ঘরে ঘরে সোলার বসান। বিদ্যুতের বিলও দেওয়া লাগবে না, প্রিপেইড মিটারের জন্য ঘুরতেও লাগবে না, কাউকে কিছু বলাও লাগবে না। আপনার বিদ্যুৎ আপনার পছন্দমতো ব্যবহার করবেন।
দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী বলেন, আমাদের বাঁচতে হবে, আর বাঁচার জন্য আল্লাহই ব্যবস্থা করে দিয়েছেন সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করা। আপনারা সবাই সহযোগিতা করলে আমাদের ওপর থেকেও চাপ কমবে। আশা করি আপনারা বিষয়টি অনুধাবন করবেন।
নামাজ শেষে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে উৎসাহিত করেন। এরপর তিনি তাঁর নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেন।





