ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দ্বিপক্ষীয় এই চুক্তি সই হয়।

বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে তাদের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশিদের জন্য হজের আরও ৫ হাজার কোটা বৃদ্ধি করেছেন।

এর ফলে ২০২৭ সালের জন্য হজে বাংলাদেশের কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জন। এতদিন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে হজে বাংলাদেশের কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে ধর্মমন্ত্রী জানান, হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেছেন অন্য কোনো দেশ যদি তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারে কিংবা কোনো দেশের কোটা বাতিল হয়, তবে কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের প্রজ্ঞাপূর্ণ ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে রাজকীয় সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী।

হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহায়তার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন