ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যাসিজম এখন ইন্ডিয়া থেকে উঁকি দিচ্ছে: ডেপুটি স্পিকার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

ফ্যাসিজম এখন ইন্ডিয়া থেকে উঁকি দিচ্ছে: ডেপুটি স্পিকার

বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে তরুণ সমাজকে সক্রিয় রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি সতর্ক করে বলেছেন, রাজনীতিতে সুশিক্ষিত ও মেধাভিত্তিক তরুণ নেতৃত্ব প্রভাব ফেলতে ব্যর্থ হলে আবারও স্বৈরাচারী ব্যবস্থার ঝুঁকি তৈরি হতে পারে।

আজ বুধবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘তারুণ্যের ইশতেহার ২০২৬’ শীর্ষক এক ছায়া সংসদ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তরুণদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘প্লিজ, আমরা যদি রাজনীতিতে মিনিংফুল ইমপ্যাক্ট না ফেলতে পারি, তাহলে কিন্তু ফ্যাসিজম এখন দেখেন ইন্ডিয়া থেকে উঁকি দিচ্ছে। আমরা চাই না আবারও কোনো ফ্যাসিজমের উপাদান বাংলাদেশের মাটিতে আসুক।’

গত দেড় দশকে দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে আদর্শের চর্চা বজায় রাখতে এবং সমাজ পরিবর্তনের স্বার্থে শিক্ষিত তরুণদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত হওয়া প্রয়োজন।

তাঁর মতে, রাজনীতিতে সমাজের সৎ ও মানবসেবায় আগ্রহী মানুষ না এলে পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতির কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।

২৪-এর গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের কথা স্মরণ করে ডেপুটি স্পিকার বলেন, ‘রক্তের দাগ এখনো শুকায়নি। প্রায় ১৪০০ মায়ের বুক খালি হয়েছিল, মায়ের আহাজারি এখনো থামেনি এবং বিচার প্রক্রিয়াও এখনো চলমান। এই পরিস্থিতিতে ফ্যাসিবাদের পুনরুত্থানের সংকেত পাওয়া উদ্বেগের।’

তিনি মনে করিয়ে দেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন—প্রতিটি ঐতিহাসিক মোড়েই তরুণেরা নেতৃত্ব দিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে রাজনৈতিক বিভেদ ও গঠনমূলক সমালোচনা থাকবে, তবে দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ ধারণাটিকে কেবল স্লোগানে সীমাবদ্ধ না রেখে ধারণ করার আহ্বান জানান তিনি।

ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) এবং ‘ইয়ুথ ফর পলিসি’র যৌথ আয়োজনে দুই দিনব্যাপী ‘পলিসি সামিট ২০২৬ ’-এর শেষ দিনে এই ছায়া সংসদ অধিবেশন আয়োজিত হয়।

সংসদীয় রীতি অনুসরণ করে পরিচালিত এ অধিবেশনে তরুণেরা তাঁদের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন দাবি সংবলিত ‘তারুণ্যের ইশতেহার ২০২৬’ ডেপুটি স্পিকারের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন