ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপির আসিফ মাহমুদের বিষয়ে দুদকের ব্রিফিং নিয়ে হাইকোর্টের রুল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

এনসিপির আসিফ মাহমুদের বিষয়ে দুদকের ব্রিফিং নিয়ে হাইকোর্টের রুল

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রেস ব্রিফিং নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আসিফ মাহমুদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন।

আসিফ মাহমুদের বিষয়ে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের করা প্রেস ব্রিফিং কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে রুলে। এ ছাড়া অনুসন্ধান বা তদন্ত চলার সময় ওই বিষয়ে প্রেস ব্রিফিং করা থেকে বিরত থাকতে দুদককে কেন নির্দেশ দেওয়া হবে না—তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচার সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে–এমনটি দাবি করে গত ২ ও ১৩ সেপ্টেম্বর করা প্রেস ব্রিফিংয়ের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। ফৌজদারি বিচারব্যবস্থার স্বীকৃত নীতিমালা লঙ্ঘন করে বিচারাধীন বা তদন্তাধীন বা অনুসন্ধান সম্পর্কে প্রেস ব্রিফিং করা থেকে বিরত থাকতে নির্দেশনা চাওয়া হয় রিটে।

রিটের প্রেক্ষিতে রুল জারি হলে তা বিচারাধীন থাকাবস্থায় যেকোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রোপাগান্ডা বা কোনো মিডিয়া ট্রায়াল না করার জন্য নির্দেশনা চাওয়া হয় আবেদনে। এ ছাড়া প্রেস ব্রিফিং করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে সুনাম ক্ষুণ্ন করা হয়েছে, একইভাবে প্রেস ব্রিফিং করে দুদক যেন তাদের ভুল স্বীকার করে এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে সে মর্মে নির্দেশনা চাওয়া হয়।

রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, আইনজীবী ইউসুফ আলী ও জহিরুল ইসলাম মুসা। দুদকের পক্ষে ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

জহিরুল ইসলাম মুসা বলেন, ‘দুদক গত ২ ও ১৩ সেপ্টেম্বর প্রেস ব্রিফিং করেছে। সেই প্রেস ব্রিফিংয়ে অনুসন্ধান এবং তদন্ত শুরু হওয়ার সিদ্ধান্তকে তারা জানিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গিয়েছে দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের। এই ব্রিফিংয়ের মাধ্যমে সংবিধানের ৩১ অনুচ্ছেদ, দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালা–২০১১ এর লঙ্ঘন হয়েছে এবং তাঁর সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন