ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, প্রথম ধাপে নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, প্রথম ধাপে নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ জন বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে যাচ্ছে সরকার। দেশটির বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডিতে এসব কর্মী নিয়োগ করা হবে। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নির্বাচন করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ দেওয়া হচ্ছে। আজ বোয়েসেলের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এসব তথ্য জানান।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মালয়েশিয়ার প্রতিষ্ঠানটি গত ২ নভেম্বর কর্মী নিয়োগের চাহিদাপত্র পাঠায়। এর ভিত্তিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ করা হয় ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

আবেদনকারীদের সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন। এই ৩০০ জনের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

চূড়ান্ত বাছাই করতে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তারা ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে। বোয়েসেলের দাবি, এ বাছাইয়ে সংস্থাটির কোনো হস্তক্ষেপ থাকবে না; নিয়োগকর্তার নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত বলে বিবেচিত হবেন।

এ নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো— নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সব সরকারি নির্ধারিত ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল নিয়োগকর্তা বা কর্মীর কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় কিংবা সার্ভিস চার্জ নেবে না। সংস্থাটি এ ব্যবস্থাকে ‘জিরো মিনস জিরো’ বা শূন্য অভিবাসন ব্যয় হিসেবে উল্লেখ করেছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, নিয়োগের কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণসাপেক্ষে উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থীদের কোনো ধরনের আর্থিক লেনদেন না করারও পরামর্শ দেন তিনি।

রাশেদুল হক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। শ্রমিকেরা যেন নিজেদের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় বোয়েসেল।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মালয়েশিয়ায় পর্যায়ক্রমে মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। চাহিদাপত্র পাওয়াসাপেক্ষে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন