ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জলবায়ু সম্মেলনে যে পাঁচ প্রস্তাব উত্থাপন করলেন প্রধানমন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

জলবায়ু সম্মেলনে যে পাঁচ প্রস্তাব উত্থাপন করলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে পাঁচটি প্রস্তাব উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে চায় বলে জানান তারেক রহমান। তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।

প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দিতে হবে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে। এ ক্ষেত্রে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফের মতো ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন তিনি।

তৃতীয় প্রস্তাবে পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং এসব দেশে প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়ানোর আহ্বান জানান তিনি।

পঞ্চম প্রস্তাবে কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের কথা বলেন তারেক রহমান। এ ব্যবস্থার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

ভাষণের শেষে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসার প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন, বৈশ্বিক সংহতি জোরদার এবং সম্মিলিতভাবে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন