ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি নাশকতা কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে ধরে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, চারটি পেট্রলবোমা মেরে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড ও আধাপাকা ঘরে আগুনের ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে ২০ মিটার দূরে তাঁর বাবা-মা তিনতলা একটি বাড়িতে থাকেন। আগুন লাগার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। সেখানে দুটি ছাগল এবং কিছু জিনিসপত্র ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি নিজেও সকালে পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তাঁকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। বিজিবির একটি দলও সেখানে গেছে। ট্রিপল নাইনে খবর পাওয়ার পর পাশের থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি আগুন লাগার, নাকি কেউ আগুন লাগিয়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিজিবি, ফায়ার সার্ভিস, প্রশাসন ও পুলিশ যৌথভাবে তদন্ত করছে।

বিজিবির প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে এবং আলামত পর্যালোচনা করে পেট্রলবোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পেট্রলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রলবোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীর কাছ থেকেও এ ধরনের তথ্য পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে পেট্রলবোমা ব্যবহার করা হয়নি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক তার ও সংযোগে দুর্বলতা ছিল বলে ছবি, অডিও ও ভিডিওসহ বিভিন্ন আলামত থেকে প্রাথমিকভাবে মনে হচ্ছে। একটি ছবিতে শর্টসার্কিটের মতো ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটি অনুমাননির্ভর। তদন্ত শেষ হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কেউ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকলে অধিকতর তদন্তে তা প্রকাশ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ইতিমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেটির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, অনেকটা পরিত্যক্ত বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা বেশি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন