ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ গঠনের আবেদন প্রসিকিউশনের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ গঠনের আবেদন প্রসিকিউশনের

হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই আবেদন করেন।

তিনি অভিযোগ পড়ে শোনান এবং মামলার পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনা উপস্থাপন করেন। পরে আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৭ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এখন অভিযোগ গঠনের পরই রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে বিচারকাজ।

এই মামলায় বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন- ডা. দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, একেএম শহিদুল হক, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল, ফারজানা রুপা, মোজাম্মেল বাবু, হাসানুল হক ইনু ও আব্দুর রাজ্জাক। বাকিরা পলাতক।

এদিকে ট্রাইব্যুনাল থেকে বের হয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, জিয়াউল আহসান কারাগার থেকে আসতে অস্বীকৃতি জানিয়েছিলেন। আমরা কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছিলাম যে কোনোভাবেই হোক তাঁকে আনতে হবে। কিন্তু তিনি কারা কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করছেন। অবশেষে তাঁকে বিশেষ পাহারায় আনা হয়েছে।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আরও বলেন, আমরা দুইটা চার্জ এনেছি। একটা হচ্ছে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যা। অন্যটি হচ্ছে পরের দিন নারায়ণগঞ্জে ২০ জনকে হত্যা। এটাকে জেনোসাইড হিসেবে আমরা প্রস্তাব করেছি। জিয়াউল আহসান নানা কৌশলে আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত করেন। তিনি আসতে চান না​। ট্রাইব্যুনাল বলেছেন স্বাভাবিকভাবে তাকে যেভাবে আনা হয় সেভাবেই আসতে হবে। যদি না আসে তাহলে ভার্চুয়ালি শুনানি হবে।

সারা দেশের মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন মনে করে আওয়ামী লীগের শাসন আমলে অনেক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। প্রত্যেক জেলায় ক্রসফায়ার, গুম, অপহরণের মতো ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলনে অনেক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে অথবা পঙ্গু করে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক জেলায় প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন এজেন্সি যৌথভাবে সরেজমিনে যাব। সেখানে গণশুনানি হবে। সেখানে যেসব মানবতাবিরোধী অপরাধ এই ট্রাইব্যুনালে বিচারের আওতায় পড়ে সেগুলি এখানে বিচারের ব্যবস্থা করব।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন