ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল’ পাস হয়েছে। বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই–জিপি) পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক হবে না।

আজ বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিলটি পাসের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। বিলের ওপর জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।

গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। চলতি অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশটি সংসদে উত্থাপন করা হয়। অধ্যাদেশটি রহিত করে আইনে পরিণত করতে আজ বিলটি পাস করা হলো।

বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে (অপারেশনাল এক্সপেনডিচার মডেল) উপযুক্ত স্থানে স্থাপন করা যাবে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় ক্যাপেক্স মডেলে (ক্যাপিটাল এক্সপেনডিচার মডেল) সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে।

বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন করা হবে।

বিলে ক্রয়সংক্রান্ত বিশেষ বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সীমা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত হবে। বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ই–জিপি ব্যবহার বাধ্যতামূলক হবে না।

বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা দিতে একটি জাতীয় পলিসি কাউন্সিল গঠন করা হবে। এ ছাড়া জেলা পর্যায়ে গঠন করা হবে ‘জেলা কারিগরি ও সমন্বয় কমিটি’।

বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা এর কোনো যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন