ঢাকা   রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গণভোট, জুলাই সনদ বাতিল করে ঐক্যের ডাক বেমানান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:১০ এএম

গণভোট, জুলাই সনদ বাতিল করে ঐক্যের ডাক বেমানান

মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পুনর্বিবেচনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, ‘সরকারের মন্ত্রিসভার কার ওপর কী দায়িত্ব দেওয়া যায়, আপনার পুনর্বিবেচনা করার সময় এসেছে।’

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস উপলক্ষে’ নভেম্বর-ডিসেম্বরে ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, তিনি দেশে অনেক রাজনৈতিক সহিংসতা দেখেছেন। কিন্তু আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) যেভাবে রাস্তাঘাট অবরোধ করে, গাছপালা কেটে, বাড়ি বাড়ি আগুন দিয়ে, হাসপাতাল ভাঙচুর করছে, থানায় আগুন দিয়েছে—এমন দেখেননি। তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো দিন এমন হয়নি যে সন্ত্রাসীদের ভয়ে থানা ছেড়ে পুলিশ পালিয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এই সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা চাই না সরকার ব্যর্থ হোক। আমরা বলিনি সরকারকে পদত্যাগ করতে হবে। তবে আমরা এটা বলতে চাই—আধিপত্যবাদবিরোধী, ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতাকে যদি ঐক্যবদ্ধ দেখতে চান, ’২৪-এর জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যে ঐক্য আপনারা দেখেছিলেন—সেই ঐক্য ফিরিয়ে আনুন।’ তিনি বলেন, রক্ত দিয়ে লেখা জুলাই সনদই ছিল ঐক্যের মূল মন্ত্র। সেই জুলাই সনদকেই অগ্রাহ্য করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে তাঁরা স্বাগত জানান। তবে গণভোটের রায় বাতিল করে, জুলাই সনদের রায় বাতিল করে, জুলাই সনদ বাতিল করে, খুন-গুম কমিশন বাতিল করে এক মঞ্চে আসার আহ্বান বেমানান।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন, রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য দেলাওয়ার হোসেনসহ অনেকে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন