দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের বড় অংশ আসছে গুটিকয়েক দেশের শ্রমবাজার থেকে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে আসা মোট রেমিট্যান্সের ৮৫ দশমিক ২৮ শতাংশ এসেছে শীর্ষস্থানীয় ১০টি দেশ থেকে। এ সময়ে এসব দেশ থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৯৭৭ কোটি ৮৭ লাখ ডলার। এর মধ্যে শুধু সৌদি আরব থেকে এসেছে ২১৯ কোটি ৮৫ লাখ ডলার, যা মোট প্রবাসী আয়ের প্রায় ১৯ দশমিক ২ শতাংশ।
শীর্ষস্থানীয় ১০ দেশের মধ্যে ৫টিই মধ্যপ্রাচ্যের। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, ওমান ও কাতার থেকে চার মাসে এসেছে ৪৮৮ কোটি ৬৬ লাখ ডলার। অর্থাৎ দেশের মোট রেমিট্যান্সের ৪২ দশমিক ৬ শতাংশের উৎস মধ্যপ্রাচ্যের এই ৫ দেশ। ফলে অঞ্চলটিতে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের প্রবাসী আয় এবং বৈদেশিক মুদ্রার সরবরাহে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
এ বিষয়ে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, সৌদি আরবের সংকটের কারণে তাৎক্ষণিকভাবে রেমিট্যান্স কমে যাওয়ার আশঙ্কা তুলনামূলক কম। কারণ, নতুন কর্মীরা বিদেশে যাওয়ার পর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দেশে পাঠাতে সাধারণত কিছুটা সময় নেন। তবে সংকট দীর্ঘায়িত হলে সৌদি আরবের অর্থনীতি, বিনিয়োগ ও শ্রমিকের চাহিদা ক্ষতিগ্রস্ত হতে পারে; বিশেষ করে নির্মাণ খাতে কর্মসংস্থান কমে গেলে বাংলাদেশি কর্মীদের আয়েও প্রভাব পড়বে।
জাহিদ হোসেন বলেন, তেলের দাম বেড়ে গেলে সৌদি আরবের রাজস্ব বাড়তে পারে। এতে দেশটির বিনিয়োগ ও কর্মসংস্থানের চাহিদা ধরে রাখার সুযোগও তৈরি হতে পারে। ফলে সংঘাতের প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করবে সংকটের স্থায়িত্ব এবং সৌদি আরবের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর।
বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক রেমিট্যান্সের সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ডলার। শীর্ষস্থানীয় ১০ দেশের তালিকায় অবস্থানের কিছুটা পরিবর্তন হলেও নতুন কোনো দেশ যুক্ত হয়নি।
দেশভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। তৃতীয় যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ এবং চতুর্থ ইউএই থেকে ১০২ কোটি ৬৬ লাখ ডলার এসেছে। তালিকার পঞ্চম স্থানে থাকা মালয়েশিয়া থেকে এসেছে ৯০ কোটি ২০ লাখ ডলার। এ ছাড়া ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ, কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৫ লাখ এবং কাতার থেকে ৪৯ কোটি ৫০ লাখ ডলার এসেছে।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, শীর্ষস্থানীয় ১০ দেশ থেকে জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৬ কোটি ৬৫ লাখ ডলার। আগস্টে তা বেড়ে ২৫১ কোটি ৫৫ লাখ ডলারে দাঁড়ায়। সেপ্টেম্বরে কমে ২৩৪ কোটি ৫ লাখ ডলারে নেমে এলেও অক্টোবরে আবার বেড়ে হয়েছে ২৪৫ কোটি ৬২ লাখ ডলার। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এসব দেশ থেকে রেমিট্যান্স বেড়েছে ১১ কোটি ৫৮ লাখ ডলার।





