ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিয়ে নারীর ওপর পুরুষের অধিকার প্রতিষ্ঠার লাইসেন্স নয়—স্ত্রী হত্যা মামলার রায়ে আদালত

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

বিয়ে নারীর ওপর পুরুষের অধিকার প্রতিষ্ঠার লাইসেন্স নয়—স্ত্রী হত্যা মামলার রায়ে আদালত

বিয়ে কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন—রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গৃহবধূ খবিরুন নেছা হত্যা মামলার রায়ে বিচারক এই পর্যবেক্ষণ দিয়েছেন।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩ এর ভারপ্রাপ্ত বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ে নিহত খবিরুন নেছার স্বামী নুরুল আফসারকে আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে আবারও তাঁকে কারাগারে পাঠানো হয়।

রায় পর্যবেক্ষণে বিচারক বলেন, স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং এটি একটি অপরাধ। স্ত্রীর কোনো আচরণ, মতভেদ কিংবা দাম্পত্য কলহ স্বামীকে তাঁর প্রতি নির্যাতন, শারীরিক আঘাত কিংবা হত্যার অধিকার দেয় না। একজন স্ত্রীও স্বতন্ত্র মানুষ। তাঁর রয়েছে নিজস্ব মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার।

রায়ে আরও বলা হয়েছে, দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটলে আইনসম্মতভাবে বিচ্ছেদের পথ খোলা রয়েছে, কিন্তু সহিংসতার কোনো বৈধতা নেই। ক্রোধের মুহূর্তে সংঘটিত নিষ্ঠুরতা শুধু একটি জীবন কেড়ে নেয় না, সন্তানদের ভবিষ্যৎও বিপর্যস্ত করে। সমাজকে উপলব্ধি করতে হবে, স্ত্রী স্বামীর সম্পত্তি নন; তিনি একজন স্বতন্ত্র মানুষ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালোবাসার সম্পর্কে অধিকার থাকতে পারে, কিন্তু নির্যাতনের অধিকার কারও নেই।

পর্যবেক্ষণে আরও বলা হয়, মামলাটির সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, আসামি মো. নুরুল আবসার তাঁর স্ত্রী ভিকটিম মোছা. খাবিরুন নেছাকে হত্যা করেছেন। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে ভিকটিমের শরীরে ব্যাপক মারধরের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অপরাধ প্রমাণিত হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে আসামি নুরুল আবসারের সঙ্গে ভুক্তভোগী মোছা. খবিরুন নেছার বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে দুই কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নুরুল আবসার প্রায়ই তাঁর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে হাত-পা বেঁধে মারধর করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

২০২৩ সালের ১০ সেপ্টেম্বর গ্রামের বাড়ি থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় স্বামীর বাসায় ফিরে আসেন খবিরুন নেছার। পরদিন ১১ সেপ্টেম্বর সকালে নুরুল আবসার তাঁকে মারধর করে বাসা থেকে চলে যায়। ওই দিন দুপুরের দিকে ভাড়াটিয়ারা ভিকটিম খবিরুনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় নিহতের ভাই বাদী মো. জব্বার বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদিকে মামলায় গ্রেপ্তার হওয়ার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুল আবসার। সেখানে স্ত্রীর পরকীয়ার কথা উল্লেখ করে কলহের শুরু হয় বলে জানান তিনি। মামলাটির তদন্ত শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম। একই বছরের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে বিচার শুরুর হয়। মামলায় দশজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন