ঢাকা   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মহাসড়কে অপরাধ শনাক্তে সওজের প্রযুক্তি ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম

মহাসড়কে অপরাধ শনাক্তে সওজের প্রযুক্তি ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

‎মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও আইন প্রয়োগ কার্যক্রম আরও কার্যকর করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রযুক্তি ব্যবহার করবে হাইওয়ে পুলিশ। এ জন্য সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে (টিএমসি) সংরক্ষিত সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহারের সুযোগ পাবে সংস্থাটি।

এসব তথ্যের ভিত্তিতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে যানবাহন থামানো এবং লেন শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ শনাক্ত করে ব্যবস্থা নিতে পারবে হাইওয়ে পুলিশ।

‎

আজ ‎মঙ্গলবার সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও বাংলাদেশ হাইওয়ে পুলিশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়।

‎সমঝোতা অনুযায়ী, সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে সংরক্ষিত সিসিটিভি ফুটেজ, অটোমেটেড নম্বর প্লেট রিকগনিশন (এএনপিআর), স্পিড ডিটেকশন সিস্টেম, ওয়েট-ইন-মোশন (ডব্লিউআইএম) এবং অন্যান্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের (আইটিএস) মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করতে পারবে হাইওয়ে পুলিশ। এসব প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে যানবাহনের চলাচল পর্যবেক্ষণ ও ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা সহজ হবে।

‎এ ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা উন্নয়নে দুই প্রতিষ্ঠান তথ্য আদান-প্রদান ও সমন্বিতভাবে কাজ করবে। এ জন্য নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য বিনিময়ের ব্যবস্থা রাখা হবে। প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও তথ্যপ্রাপ্তি সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার উদ্যোগ নেওয়া হবে।

‎

‎সমঝোতা স্মারক স্বাক্ষরের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) লিংক ও কারিগরি নির্দেশনা দেবে। তবে এ ব্যবস্থায় হাইওয়ে পুলিশ টিএমসির ডেটাবেইস থেকে শুধু তথ্য দেখার (রিড অনলি) সুযোগ পাবে। ডেটাবেইসের তথ্য পরিবর্তন বা সম্পাদনার সুযোগ থাকবে না। তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠানকে নির্ধারিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

‎

‎অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

‎

‎সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হয়েছে এবং প্রাথমিকভাবে পাঁচ বছর বলবৎ থাকবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন