ঢাকা   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের

উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে সরকার। কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে প্রস্তাবিত সাইবার আইন নিয়ে মতবিনিময়ে এ প্রত্যয় ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সভায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধান ও প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

পরামর্শ সভা শেষে আইনমন্ত্রী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, নাগরিকদের অধিকার সুরক্ষার লক্ষ্যে প্রস্তাবিত আইনের বেশ কয়েকটি বিধানের প্রশংসা করেছেন কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা, পাশাপাশি অন্যান্য বিধান উন্নত করার বিষয়ে সুপারিশও করেছেন। তিনি বলেন, ‘তাঁরা এক-দুটি সুপারিশও করেছেন, যা আমরা তাৎক্ষণিকভাবে নোট করেছি।’

আসাদুজ্জামান বলেন, অংশগ্রহণকারীরা নাগরিকদের অধিকার সুরক্ষায় সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন, এবং একই সাথে এমন বিধানগুলো চিহ্নিত করেছেন যেগুলোতে আরও বিবেচনার প্রয়োজন রয়েছে। খসড়াটি চূড়ান্ত করার আগে পর্যবেক্ষণগুলো সতর্কতার সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস দিয়ে কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত লিখিত সুপারিশ জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে সরকার।

পরামর্শ প্রক্রিয়ার পেছনের যুক্তি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি সংসদে উপস্থাপনের আগে সরকার আপত্তিগুলো শুনতে এবং যৌক্তিক উদ্বেগগুলো দূর করতে চায়। তিনি জানান, সরকার ইতিমধ্যে সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছে, আর নাগরিক সমাজের সংগঠন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আরও পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।

স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে উদ্বেগের জবাবে আসাদুজ্জামান বলেন, মৌলিক অধিকার নিয়ন্ত্রণকারী সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যেই সরকার কাজ করবে। ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর)-এর অনুচ্ছেদ ১৯(৩) এবং সংবিধানের অনুচ্ছেদ ৩৯-এর উল্লেখ করে তিনি বলেন, উভয় বিধানই নির্দিষ্ট শর্তের অধীনে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নির্দিষ্ট কিছু বিধিনিষেধের অনুমতি দেয়।

কূটনৈতিক সূত্র বলেছে, পরামর্শ সভায় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, একটি বিশ্বাসযোগ্য সাইবার নিরাপত্তা আইনকে অবশ্যই মৌলিক অধিকার সমুন্নত রাখার পাশাপাশি মানুষ, প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখতে হবে। তিনি উল্লেখ করেন যে নিরাপত্তা এবং অধিকার একে অপরকে শক্তিশালী করে।

আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতিসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক ফোরামে অব্যাহত গঠনমূলক সম্পৃক্ততা, যথাযথ সুরক্ষাসহ সময়োপযোগী আন্তসীমান্ত সহযোগিতা এবং সব নাগরিকের জন্য অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনসাধারণের ডিজিটাল সাক্ষরতা জোরদার করার গুরুত্বও তুলে ধরেন তিনি। উন্নয়ন সহযোগীদের মতামতকে স্বাগত জানিয়ে তিনি একটি উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার অভিন্ন লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন