ঢাকা   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশ সফর করলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

বাংলাদেশ সফর করলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট

বাংলাদেশ সফর করেছেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। বাংলাদেশ ও ইতালির মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গত শনিবার থেকে গতকাল বুধবার পর্যন্ত তিনি এ সফর করেন। বুধবার বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের অংশ হিসেবে গত রোববার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে পৌঁছান ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট। এ সময় তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

সফরকালে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের (কমচিট) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সফরের তৃতীয় দিনে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনের বিভিন্ন অপারেশনাল সক্ষমতা ও বোট ওয়ার্কশপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জোনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং নেন।

এ ছাড়া বাংলাদেশের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও যৌথ মহড়ার বিষয়ে আলোচনা হয়। ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ (এমডিএ), মহাকাশ ও আকাশ প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম (এসএআর) এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

পাঁচ দিনের সফর শেষে বুধবার তিনি বাংলাদেশ ত্যাগ করেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পেশাগত দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং সামুদ্রিক নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন