প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার আবদার করে কান্না জুড়ে দেওয়া এক শিশুর আবেগে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িবহর থামিয়ে তাকে বুকে জড়িয়ে সেলফি তুলেছেন তিনি। হৃদয়স্পর্শী এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (২ মে) সিলেট থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। জানা যায়, গাড়িবহর যাওয়ার সময় এক শিশু সামনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য কান্না শুরু করে। বিষয়টি নজরে আসলে প্রধানমন্ত্রী নিজের গাড়িবহর থামিয়ে শিশুটিকে গাড়ির ভেতরে নিয়ে আসেন।
এ সময় তিনি শিশুটিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং মাথায় হাত বুলিয়ে তার কান্না থামান। পরে শিশুটির সঙ্গে ছবি ও সেলফি তোলেন।
গাড়িতে উঠে শিশুটি প্রধানমন্ত্রীর হাতে একটি ধানের শীষ ও একটি চিরকুট তুলে দেয়। পরে চিরকুটটি পড়ে দেখা যায়, এতে মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামের সঙ্গে তিনটি ভালোবাসার চিহ্ন আঁকা ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির নাম আবদুল্লাহ আল মামুন। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে এবং সিলেট শাহজালাল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে সে সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের চৌকীদিঘি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে।
শিশুটির বাবা বোরহান উদ্দিন পেশায় একজন ঠিকাদার এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
বোরহান উদ্দিন মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করেসকল প্রটোকল ভেঙে নিজের গাড়ি বহর থামিয়ে পরম আন্তরিকতা,স্নেহ মমতা ও ভালোবাসায় বুকে জড়িয়ে নিয়ে আমার শিশু সন্তানের ছবি তোলার আবদার পুরন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আমার ছেলে তারেক রহমানের প্রতি যে আবেগ ও ভালোবাসা দেখিয়েছে, তা দেখে আমি একজন বাবা হিসেবে গর্বিত।’






