চলতি বছর পবিত্র হজ পালনে এখন পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ মে) সৌদি আরবের মক্কা থেকে বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
হজ অফিস সূত্রে জানা গেছে, সৌদি আরব পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।
চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও দুটি বিদেশি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন। সৌদিয়া এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন সৌদি আরবে পৌঁছেছেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেয়া হয়েছিল। এর মধ্যে সরকারি কোটা ছিল ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটা ছিল ৭৩ হাজার ৯৩৫ জন। মোট ৬৬০টি এজেন্সি (৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি) এবারের হজ কার্যক্রম পরিচালনা করছে।
সৌদি আরবের সর্বশেষ হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদিতে গিয়ে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী। মৃতদের মধ্যে ১৪ জন মক্কায় এবং ৭ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে হজযাত্রীদের চিকিৎসায় নিয়োজিত সৌদি মেডিকেল টিম শুক্রবার পর্যন্ত ৪৩ হাজার ৪৪০ জন বাংলাদেশি হজযাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন আরও ২০ হাজার ২৮৮ জন হজযাত্রী।
এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি (বিজি৩০০১) জেদ্দার উদ্দেশে যাত্রা করেছিল।
আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আগামী ৩০ মে থেকে জেদ্দা থেকে ঢাকাগামী ফিরতি হজ ফ্লাইট শুরু হবে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
বার্তা বাজার/এস এইচ






