জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে জনগণের কাছে দায়বদ্ধ সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করে। প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের চরমপন্থা ও উগ্রবাদ প্রশ্রয় দেয়া হবে না। যেকোনোভাবে দুর্নীতি দূর করতে বদ্ধপরিকর সরকার।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে ফ্যাসিস্ট সরকার দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। ফ্যাসিবাদের দেড় দশকে বিদ্যুৎ খাত থেকেই হরিলুট হয়েছে ৩ লাখ কোটি টাকা।
এর আগে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল তিনটায় সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচি অনুযায়ী প্রথম ত্রিশ মিনিট ছিল প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্ব। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিলো ৭টি তারকা চিহ্নিত প্রশ্ন। এরমধ্যে তিনি নির্ধারিত ত্রিশ মিনিটে তিনটি তারকা চিহ্নিত প্রশ্ন ও এই সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাব দেন।






