এখন বুকে খালি হাহাকার, কী যেন নাই, নাই তো নাইইইইইইইই!!!!!!!!!!
এমটিনিউজ২৪ ডেস্ক : ২০২৪ সালের ১৯ জুলাই, ঢাকার মোহাম্মদপুরের নূরজাহান রোডে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাহামুদুর রহমান সৈকত (টুনা)। পরিবারের দাবি, গুলিটি তার মাথায় লেগে মগজসহ বেরিয়ে যায়। ভাই শহীদ হওয়ার পর তাকে স্মরণ করে আবেগঘন একটি পোস্ট দেন তার বোন। জুলাই গণ-অভ্যুত্থানের দুই বর্ষপূর্তি উপলক্ষে সেই হৃদয়স্পর্শী পোস্টটি আবারও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নতুন করে আলোচনায় এসেছে।
জুলাই আন্দোলনের সময় পোস্টে তিনি লিখেছিলেন, ‘ছবির ছেলেটা আমার ভাই,আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই। আমরা ওকে কী পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলা-ই হবেনা, সুযোগ কই?
যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায়, এসেই সে আমাদের দুই বোনের গায়ে স্ব-সম্মানে হিসু করে ভালোবাসার জানান দেয়। আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম, ভালোবাসার ডাক আরকি। ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইলো, কিন্তু টুনা-ই রয়ে গেলো আমাদের কাছে, সৈকত হইতে পারলোনা। কি রাগ তার!!! ‘আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবানা তো সেবন্তি আপু।’
১১ই সেপ্টেম্বর এ তার ২০ বছর হওয়ার কথা ছিল। জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করতো ,‘সেবন্তি আপু, কী কেক বানাবা তুমি?’
কত হাসিখুশি ছিলাম আমরা। এখন বুকে খালি হাহাকার, কী যেন নাই, নাই তো নাইইইইইইইই!!!!!!!!!!
আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে। আমার ফুলের মত ভাইটাকে ঠাণ্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে। বাবার কাধে ছেলের লাশের চেয়ে ভারি এই পৃথিবীতে কিছু আছে?
বিচার কাকে দেব? আল্লাহর কাছে দিলাম। আমার আল্লাহ কক্ষনো কারোর সঙ্গে অবিচার করতে পারেনা। হাশরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ।
আমি জানিনা আমরা আর কখনো মন খুলে হাসতে পারবো কিনা, ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা, কখনো সত্যিকারের ভালো থাকব কিনা। কিচ্ছু জানিনা। শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ, সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মত বন্ধুকে বাঁচাতে গিয়েছিল, কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখে সাহায্য করতে হয়।
কখনো আর ভাইকে দেখতে পারবো না, জড়িয়ে ধরতে পারবো না, গালে-কপালে জোড় করে চুমু দিতে পারবো না, আর কখনো বলতে পারবো না, ‘টুনা কয়েল ধরায়ে দে’, ‘টুনা পানি দে’।
আমার ভাই শহীদ। শুক্রবার দিন, দুপুর ৩:৩৭ এ আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। মুসলমানদের জন্য শুক্রবারে মৃত্যু হচ্ছে স্বপ্ন, আর তার ওপর মুহাররম মাস!! জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা। আমরাও অপেক্ষায় আছি কবে পাখির সঙ্গে দেখা হবে আবার!
বি: দ্র: -সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ ও নিষ্পাপ। সবাইকে জানাতে চাই সে কখনো কারোর ক্ষতি করেনি।
#আমার_আল্লাহর_কাছে_বিচার_দিলাম






