ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের সময় মঞ্চ ধসে নিচে পড়ে গেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত নেতাকর্মীদের ভারে এ দুর্ঘটনা ঘটে। মন্ত্রী অক্ষত থাকলেও পরে ত্রাণ বিতরণের সময় হুড়োহুড়িতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রী গাড়ি থেকে নেমে হেঁটে ত্রাণ বিতরণের মঞ্চে ওঠেন। এ সময় তার সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এবং বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণক্ষমতার অতিরিক্ত নেতাকর্মী একসঙ্গে মঞ্চে উঠায় হঠাৎ করে পুরো মঞ্চটি ধসে পড়ে। এতে মন্ত্রীসহ মঞ্চে থাকা সব অতিথি নিচে পড়ে যান। দুর্ঘটনার পরপরই মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চন্দনাইশ ত্যাগ করে সাতকানিয়ার দিকে রওনা হন।

এদিকে মন্ত্রী স্থান ত্যাগ করার পর স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ শুরু করলে উপস্থিত লোকজনের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি ও ঠেলাঠেলি শুরু হয়। এতে ত্রাণ নিতে আসা নারী ও পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানান, মন্ত্রী ত্রাণ বিতরণের জন্য মঞ্চে উঠলে অতিরিক্ত মানুষের চাপে সেটি ধসে পড়ে এবং উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এতে মন্ত্রী বা অতিথিদের কেউ হতাহত হননি।

মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে ১০ জন আহত হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও জানান, তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম, তাই পরে কেউ আহত হয়েছেন কি না তা আমার জানা নেই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন