জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রোববার জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে লেবার পার্টি আয়োজিত ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সরকারের উদ্দেশ্যে বললেন, “নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটি ফটোকপি আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি।”
‘আপনারাও তো আমাদের মতোই মজলুম ছিলেন, তাহলে এখন কেন জালিম হতে যাচ্ছেন?-বিএনপি সরকারের কাছে প্রশ্ন রাখেন বিরোধীদলীয় এ নেতা।
আওয়ামী লীগ আমলে বিএনপির যে ত্যাগ ছিল, তা দলটি ভুলে গিয়ে নিজেরাও আওয়ামী লীগ হয়ে উঠার চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন শফিকুর রহমান।
তিনি বলেছেন, ‘তাঁরা নিজেরাই বলেছেন, ধানখেতে পাটখেতে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর সেই স্মৃতি তাঁরা ভুলে গেলেন। যে স্বভাব ফ্যাসিস্ট সরকারের ছিল, সেটি এখন তাঁরা ধারণ করছেন।’
বিরোধীদলীয় নেতা বলেছেন, বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের যে চর্চা দেখা যাচ্ছে, তা বিগত সরকারের ফটোকপি ছাড়া আর কিছুই নয়।
বিএনপির কমিটিতে থাকা আমলাকে চুক্তিতে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগের সমালোচনা করেন জামায়াত আমির। বলেন, ‘একজন তো প্রমোশন পেতে পেতে সচিব হয়ে গেছেন। সচিব হতে এখন আর বিসিএস পাস করা লাগবে না। দলীয় একটা পদ থাকলেই হবে।’
হবিগঞ্জে কিশোর আলিফ হোসেনের ওপর হামলার নিন্দা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘চোখ তো শেষ করেছিল শেখ হাসিনা। আপনারা আবার শুরু করলেন কেন? পারবেন চোখটা ফিরিয়ে দিতে? পারবেন না।’






