চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগর উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে না; এর সুফল নগরীর প্রতিটি ওয়ার্ডে সমানভাবে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, পরিচ্ছন্নতা, সড়ক উন্নয়ন, সবুজায়ন, সৌন্দর্যবর্ধন এবং নাগরিক সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তুলতে পরিকল্পিতভাবে কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
বৃহস্পতিবার নগরীর টাইগারপাস থেকে অক্সিজেন হয়ে ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড থেকে ৪১ নম্বর পতেঙ্গা ওয়ার্ড পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ও চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, চট্টগ্রামকে শুধু অবকাঠামোগতভাবে নয়, পরিবেশগতভাবেও একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে আমরা কাজ করছি। নগরীর সৌন্দর্যবর্ধন ও ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ নগর গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, সম্প্রতি অতিবৃষ্টিতে নগরীর যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নাগরিকদের দুর্ভোগ কমিয়ে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।
অক্সিজেন মোড়ে নির্মাণাধীন গোলচত্বরের কাজ পরিদর্শন করে মেয়র নির্বাহী প্রকৌশলীকে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নগরীর বিভিন্ন সড়ক সংস্কারের জন্য প্রধান প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, আশিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/আইকে






