ঢাকা   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নারীদের পিছিয়ে রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়: ডিসি ফরিদা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

নারীদের পিছিয়ে রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়: ডিসি ফরিদা

ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম আজ মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর উদ্যোগে আয়োজিত এসপিআরই প্রকল্পের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে তাদের স্বাবলম্বী করে তুলতে হবে। নারী এগিয়ে গেলে পরিবার, সমাজ ও দেশ এগিয়ে যাবে। নারীদের পিছিয়ে রেখে দেশের প্রকৃত ও সুষম উন্নয়ন সম্ভব নয়।

মিজ ফরিদা খানম বলেন, উন্নয়ন কোনো একক বা স্বল্পমেয়াদি প্রক্রিয়া নয়। মানুষের জীবনে প্রকৃত ও টেকসই পরিবর্তন আনতে হলে দীর্ঘমেয়াদি, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রয়োজন। আর এ ধরনের উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো সমাজের পিছিয়ে পড়া নারীদের উন্নয়নের মূলধারায় নিয়ে আসা এবং তাদের স্বাবলম্বী করে তোলা।

ঢাকা জেলা প্রশাসক বলেন, নারীদের শুধু সহায়তার ওপর নির্ভরশীল না রেখে তাদের এমনভাবে সক্ষম করে তুলতে হবে, যাতে তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। এজন্য প্রান্তিক নারীদের সাধারণ শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), কারিগরি শিক্ষা এবং ক্ষুদ্র উদ্যোক্তাবিষয়ক প্রশিক্ষণের সুযোগ দিতে হবে।

প্রান্তিক নারীদের সরকারি-বেসরকারি সেবা পাওয়ার সুযোগ সহজ করার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আইনি সহায়তা ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সরকারি সেবাগুলো যেন কোনো জটিলতা ছাড়াই নারীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।

শুধু সরকারের একক প্রচেষ্টায় নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয়। সরকারি প্রতিষ্ঠান, আইইডির মতো বেসরকারি উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন-যোগ করেন তিনি।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন