মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ীতে ‘সুরের তরঙ্গে জাগুক হৃদয়, ঘুচুক তিমির-রাতি, নতুনের ছন্দে প্রদীপ্ত হোক আগামীর আলোকময় বাতি’ স্লোগানে আয়োজিত জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর নবাগত শিক্ষার্থীদের বরণ ও নিয়মিত অনুশীলন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি হাসিখুশি পরিবার ও সম্ভাবনাময় ভবিষ্যৎকেও চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দেয়। যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পাড়া-মহল্লায় খেলাধুলা, নাটক, গানসহ সুস্থ সংস্কৃতিচর্চা বাড়াতে হবে।
তিনি বলেন, মননশীল ও সৃজনশীল কাজে ব্যস্ত থাকলে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকবে না। একটি মাদকমুক্ত, সুন্দর ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তুলতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে ত্রাণমন্ত্রী বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক। তাদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সাংস্কৃতিক গোষ্ঠীটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের শুধু শিল্পী নয়, একজন পূর্ণাঙ্গ ও উদার মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘তোমাদের হাত ধরেই রচিত হোক আমাদের সংস্কৃতির নতুন স্বর্ণালী অধ্যায়। জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করো, হৃদয়ে ধারণ করো দেশপ্রেম ও মানবিকতা।’
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তাদের হাতেই লালমনিরহাট ও দেশের ভবিষ্যৎ নিরাপদ। নিজেদের মেধা, মনন ও সৃজনশীলতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। সুস্থ সংস্কৃতিচর্চা ও জ্ঞানচর্চাই যুবসমাজকে সঠিক পথে রাখতে পারে।
জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি সুশান্ত কুমার পাল বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মননীতা দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহম্মেদ এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী।
বক্তারা জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজ গঠনে সংস্কৃতির ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আয়োজকরা জানান, জল তরঙ্গ শুধু একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান নয়; অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ পথচলায় লালমনিরহাটের সংস্কৃতি অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছে।
বার্তা বাজার/ আইকে






