পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন খবর দিলেন অর্থমন্ত্রী আমির খসরু
এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ একসঙ্গে জোগান দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তবে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়টি সরকার বাদ দেয়নি।
অর্থের সংস্থান কিভাবে করা হবে এবং কিভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে হিসাব-নিকাশ চলছে।
গতকাল সোমবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সরকারি কোষাগারে অর্থের চাপ, রাজস্ব আদায়, বড় উন্নয়ন বাজেট বাস্তবায়ন এবং নতুন পে স্কেলের অর্থায়ন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। তাঁর বক্তব্যের পর নতুন বেতনকাঠামো কবে এবং কিভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
নতুন বেতনকাঠামোর অর্থায়ন কোথা থেকে হবে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘একসঙ্গে পুরো অর্থ দেওয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না।’ দুই ধাপে বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং হিসাব-নিকাশ করা হচ্ছে। অর্থমন্ত্রীর ভাষ্য, বিপুল আমদানির কারণে সরকারের রাজস্ব স্পেস অনেক কমে গেছে। একই সঙ্গে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের অন্যতম নিম্ন পর্যায়ে রয়েছে।
ফলে ইচ্ছা থাকলেও একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না।






