দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী অক্টোবর মাসে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় কলেজগুলোতে সর্বোচ্চ টানা ১৬ দিন পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনায় দেখা যায়, সরকারি ও বেসরকারি কলেজে এ সময় সবচেয়ে বেশি ছুটি থাকবে। অক্টোবর মাসে সাপ্তাহিক ছুটিসহ মোট ২০ দিন অবকাশ পাওয়া যাবে। এর মধ্যে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার জন্য ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর সঙ্গে ছুটির আগের ও পরের সাপ্তাহিক বন্ধ যুক্ত হয়ে কলেজগুলো টানা ১৬ দিন বন্ধ থাকবে। পাশাপাশি অক্টোবরের অন্যান্য সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ মাসে মোট ১০ দিন ক্লাশ অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার বন্ধ যুক্ত হয়ে মোট ১০ দিনের টানা ছুটি মিলবে। সব মিলিয়ে অক্টোবরে মাধ্যমিক স্তরে ১৫ দিন পাঠদান চলবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি বহাল থাকবে। সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার দিন মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়েও মোট ১০ দিন ছুটি কাটবে শিক্ষার্থী ও শিক্ষকরা।
এদিকে সরকারি ও বেসরকারি মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মাদ্রাসায় টানা ৫ দিনের ছুটি মিলবে। এছাড়া কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর ছুটির পাশাপাশি সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজা মিলিয়ে মোট ১০ দিন ছুটি থাকবে।
স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির বিষয়টি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সিন্ডিকেট বা কর্তৃপক্ষের ওপর ন্যস্ত। ফলে দুর্গাপূজায় বিশ্ববিদ্যালয়গুলো খোলা বা বন্ধ থাকার মেয়াদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হবে।






