কোটচাঁদপুর সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ আইতাল জর্দ্দারকে গ্রেফতার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাঁদপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আইতাল জর্দ্দার (পিতা: মৃত বরকাতুল্লাহ জর্দ্দার), গ্রাম- চাঁদপাড়া, থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহ। তিনি এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের (সংশোধনী ২০২৬) ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলা রয়েছে (মামলা নং-১৬, তারিখ: ২১/০৯/২০২৬খ্রিঃ; জিআর নং- ১১৮/২৬)। তিনি উক্ত মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম প্রধান আসামী। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিম গঠন করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পিসিপিআর (PCPR) যাচাই-বাছাই শেষে তাকে আদালতের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগ নেতা আইতাল জোয়ার্দ্দার গ্রেফতার





