সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট দেশবাসী মেনে নেবে না। যারা পিআর পিআর করছিল তারাই এখন ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে গণভোট চাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধ করা হবে।’
শনিবার (১ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের নেতাকর্মী আজ ঐক্যবদ্ধ। তারা ঐক্যের শক্তিতে বলিয়ান হয়ে ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছেন। বিএনপির প্রতি জনগণের ভালোবাসা ও সমর্থন উপলব্ধি করে একটি দল শুরু থেকেই ষড়যন্ত্র করছে। পিআরের কথা বলে জাতিকে বিভ্রান্ত করে এখন গণভোটের কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।’
তিনি আরো বলেন, ‘ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনার অপেক্ষায় আছে দেশবাসী। জাতীয়তাবাদী দল বিএনপি দেশ ও গণতন্ত্রবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয় নির্বাচন আদায় করেই দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাবে। গণতন্ত্রকে নস্যাৎকারীদের কোনোভাবেই জনগণ ছাড় দেবে না।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে কামরুল বলেন, ‘আমি নেতা হতে আসিনি। জনগণের গোলাম হতে এসেছি। আপনাদের সেবা করাই আমার লক্ষ্য। প্রতিটি সমাবেশে নেতাকর্মীরা আমাকে টাকার মালা উপহার দেন। এটা আমার প্রতি তাদের ভালোবাসা। আজকের এই বিশাল সমাবেশ অন্য কেউ করতে চাইলে ৫০ লাখ টাকা লাগবে। কিন্তু আমার কোনো টাকা লাগেনি। নির্বাচনী এলাকার নেতাকর্মী ও জনগণই আমার টাকা। তারাই আমার অ্যাকাউন্ট।’
তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন মেহেদী হাসান উজ্জ্বল, জুলফিকার চৌধুরী রানা, মাহবুব মাসুম তালুকদার ও বাবরুল হাসান বাবলুসহ ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার নেতাকর্মীরা।
বার্তা বাজার/এমএমএইচ





