পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে নির্বাচনকালীন নিরাপত্তা ইস্যুসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথ অবজারভার গ্রুপের ২৫ জন পর্যবেক্ষক অংশ নেবেন বলে জানায় প্রতিনিধিদলের প্রধান। তিনি নির্বাচন ও নির্বাচনকালীন পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয় জানতে চান।
আইজিপি নির্বাচনি আইনশৃঙ্খলা বজায় রাখতে ঝুঁকিভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, সাইবার মনিটরিং এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। তিনি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






