কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোটে এক জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে আল বাশারাত মৎস্য প্রজেক্ট থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
মৎস্য প্রজেক্টটির মালিক পেরিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুন। তিনি ওই ইউনিয়নের মগুয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে কিছু লোক আল বাশারাত মৎস্য প্রজেক্টে বস্তা নিয়ে আসা-যাওয়া করছিলেন। বুধবার দুপুরের দিকে মৎস্য প্রজেক্টে মাইক্রোবাসে করে কিছু লোকজন আসেন। তারা কয়েকটি বস্তায় ভরে কিছু মালামাল নিয়ে যান। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পান। পরে স্থানীয়রা জড়ো হয়ে থানায় খবর দিলে যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
যৌথবাহিনীর সদস্যরা জানান, ঘটনাস্থল থেকে গন্ধক, মইনজাল, পুয়েল পেপার, সিলেকশন পাথর, দুই শতাধিক খালি জর্দার কৌটা এবং শতাধিক জিআই পাইপ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এগুলো ককটেল তৈরির কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে জিআই পাইপসহ সন্দেহভাজন বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এগুলো ককটেল বা বোমা তৈরির উপকরণ কি না তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।’






