ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসির ওপর আস্থা ফিরেছে, পাতানো নির্বাচনের দিন শেষ: সিইসি

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

ইসির ওপর আস্থা ফিরেছে, পাতানো নির্বাচনের দিন শেষ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা ফিরে এসেছে। অতীতের মতো জনশূন্য ভোটকেন্দ্র কিংবা কেন্দ্রে কুকুরের বিচরণের দৃশ্য এখন আর নেই। বরং সবখানেই এখন মানুষের ভিড়।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থার বিষয়ে সিইসি বলেন, মানুষের উপস্থিতিই প্রমাণ করে তারা কমিশনের ওপর ভরসা রাখছে। দলগুলো মুখে যা-ই বলুক না কেন, বাস্তবে তারা নির্বাচনে অংশ নিয়ে আস্থা প্রদর্শন করেছে। গণমাধ্যমের বিপুল উপস্থিতিও এই আস্থারই প্রতিফলন।

তিনি উল্লেখ করেন, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন প্রান্তে কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এই যুব সমাজ ও নারী ভোটাররাই দেশের বড় শক্তিতে রূপান্তর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সিইসি মন্তব্য করেন, সারা দেশে ঈদের আমেজে ভোটগ্রহণ চলছে। একটি বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার যে ওয়াদা কমিশন করেছিল, তা বাস্তবায়িত হচ্ছে।

সিইসি বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের ট্রেনে চড়েছে। এই কমিশন কোনো পক্ষের হয়ে কাজ করছে না। পাতানো নির্বাচন কিংবা কেন্দ্র দখলের সংস্কৃতি এখন অতীত, এসব ইতিহাস এখন দেশবাসীকে ভুলে যেতে হবে।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার ও গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটেড কনটেন্ট বর্তমানে নির্বাচনের জন্য এক নম্বর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমনকি কানাডার মতো উন্নত দেশগুলোও এটি পুরোপুরি মোকাবিলা করতে পারছে না। দেশের বাইরে থেকে পরিচালিত অপপ্রচার নিয়ন্ত্রণ করা কঠিন হলেও সত্য তথ্য প্রচারের মাধ্যমে এসব মোকাবিলা করার কৌশল নিয়েছে কমিশন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মঙ্গল যারা চায় না, তারাই সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ায়। মূলধারার সংবাদমাধ্যমকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে সঠিক সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!