সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ কোরআন-সুন্নাহর সুস্পষ্ট পরিপন্থী উল্লেখ করে এটি জাতীয় সংসদে পাস না করার জোরালো আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি সরকারের পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে এই আপত্তি জানান।
নজিবুর রহমান বলেন, এর আগে ২০২৫ সালের ২৩ নভেম্বর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে ২০২৬ সালের ২৮ ডিসেম্বর বর্তমান রাষ্ট্রপতি স্পষ্ট অঙ্গীকার করেছিলেন, দেশের ৯৫ শতাংশ মুসলমানের দেশে কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন পাস করা হবে না। কিন্তু বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে এই বিল পাস করতে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আইনটির বিরোধিতায় এই সংসদ সদস্য বলেন, দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, যাদের মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রীর জাকাত বিষয়ক উপদেষ্টাও ছিলেন, তারা বলেছেন, এই আইনের মাধ্যমে আজীবন ভোগদখলের বিধান রেখে দান করার যে সুযোগ রাখা হয়েছে, তা ইসলামী আইনের পরিপন্থী। এর ফলে আল্লাহর দেওয়া মিরাসি বা উত্তরাধিকারের বিধানকে বাইপাস করার আশঙ্কা রয়েছে।
ব্রিটিশ আমলের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ১৯৩৭ সালের মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্টেও মুসলমানদের উত্তরাধিকার, হেবা (দান), বিবাহ ও পারিবারিক বিষয়গুলো শরিয়ত অনুযায়ী পরিচালনার বিষয়টি স্বীকৃত হয়েছিল।
সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো দুঃখজনক সামাজিক বাস্তবতার কথা স্বীকার করে নজিবুর রহমান বলেন, সামাজিক সমস্যার সমাধান করতে গিয়ে ইসলামিক পারিবারিক আইনকে পাশ কাটানোর কোনো যুক্তি নেই। বাবা-মায়ের অধিকার সুরক্ষার জন্য ২০১৩ সালে একটি আইন পাস করা হয়েছে, যার মাধ্যমেই মা-বাবার অধিকার সুরক্ষা করা সম্ভব।
বক্তব্যের শেষে তিনি সতর্ক করে বলেন, আল্লাহর নির্ধারিত উত্তরাধিকার ও হেবার বিধান বাইপাস করার সুযোগ সৃষ্টিকারী এই আইনের পক্ষে যারা ভোট দেবেন, তাদের প্রত্যেককে এর দায়ভার গ্রহণ করতে হবে।






