গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, রাজনীতিতে পরিবর্তন আনতে চাইলে জামায়াতে ইসলামীকে ইহুদিদের মতো মানসিকতা পরিহার করতে হবে। একই সঙ্গে ইতিহাস বিকৃতির চেষ্টা করলে তা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে আব্দুল কাদের লিখেছেন, বাধ্য হয়ে হোক বা পরিস্থিতির কারণে হোক—জামায়াত-শিবির তাদের রাজনীতিতে কিছু পরিবর্তন আনছে, বিষয়টি তিনি স্বাগত জানান। তবে মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বের চিন্তাভাবনা পরিহার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিভিন্ন ঘটনায় কৃতিত্ব নিজেদের বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে জামায়াত। আবরার ফাহাদসহ নানা ইস্যুকে নিজেদের পক্ষে নেওয়ার এমন প্রবণতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।
আরও বলেন, দীর্ঘদিন শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আপত্তি তোলার পর এখন তারাই সেখানে ফুল দিচ্ছে—এটি ইতিবাচক। তবে সেটিকে বৈধতা দিতে গিয়ে গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করা জঘন্য মিথ্যাচার বলেও উল্লেখ করেন তিনি।
সবশেষে তিনি বলেন, পরিবর্তনকে স্বাগত জানানো হবে, কিন্তু কোনো ধরনের ‘নোংরামি’ করা হলে তা বরদাশত করা হবে না।
বার্তা বাজার/এস এইচ





