ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির রাজনীতি আজ আওয়ামী অর্থনির্ভর মন্তব্য হাসনাত আবদুল্লাহর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:৫৪ পিএম

বিএনপির রাজনীতি আজ আওয়ামী অর্থনির্ভর মন্তব্য হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডও এখন আওয়ামী লীগের অর্থনীতির ওপর নির্ভরশীল।

শুক্রবার (১৬ মে) কুমিল্লায় আয়োজিত ‘জুলাই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে’ শহীদ, আহত ও অংশগ্রহণকারী তরুণদের সম্মানে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, "কুমিল্লার বহু উপজেলায় রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও কৌশল এখন আওয়ামী অর্থের ছায়ায় পরিচালিত হচ্ছে। এমনকি বিএনপির মতো বিরোধী দলও এই টাকার প্রভাবে রাজনীতি করছে। আমরা আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বন্ধ করতে পেরেছি, কিন্তু তাদের অর্থনৈতিক ক্ষমতা এখনও অক্ষুণ্ন।"

আইনবিদ ড. আসিফ নজরুলকে উদ্দেশ করে এনসিপি নেতা বলেন, "যারা হত্যার মতো অপরাধে অভিযুক্ত, তারা জামিন পাচ্ছে কীভাবে? এর পেছনে কারা মদদ দিচ্ছে—তা জনগণের সামনে প্রকাশ করতে হবে। আপনি বলছেন, কাজ করতে দেওয়া হচ্ছে না—তবে সেই প্রতিবন্ধকতা প্রকাশ করুন। বিচার হয়নি, দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠিত হয়নি—এটাও আপনার দায়িত্বের ব্যর্থতা।"

তিনি আরও বলেন, "যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে, আগে সংস্কার, পরে বিচার—তবে তা একটি ভুল সিদ্ধান্ত হবে। সঠিক ধারাবাহিকতা হলো: বিচার, সংস্কার, এরপর নির্বাচন।"

সমাবেশে তিনি মানবিক করিডোর ও ১৪ দল নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করারও আহ্বান জানান। বলেন, "আমরা কোনো পরাশক্তির আধিপত্য চাই না—হোক তা ভারত, পাকিস্তান বা যুক্তরাষ্ট্র। আমাদের একমাত্র লক্ষ্য দেশের সার্বভৌমত্ব রক্ষা।"

এই সমাবেশের আয়োজন করে কুমিল্লা জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন। এতে বিএনপি, এনসিপি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ‘ফেস দ্য পিপল’ সম্পাদক সাইফুর রহমান সাগর, বিএনপি নেতা আশিকুর রহমান ওয়াসিম, এনসিপি নেতা রিফাত রশিদ, নাভিদ নওরোজ শাহ এবং এবি পার্টির জিএম গোলাম সামদানী প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরাফ ভূঁইয়া।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন