জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ৩০০ জন সচিবকে ইংরেজি শেখার জন্য থাইল্যান্ডে পাঠানোর যে সংবাদ সম্প্রতি একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ‘স্টার নিউজ’ নামের একটি অনলাইন মাধ্যমে “ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে বিয়াম ফাউন্ডেশন তাদের অবস্থান স্পষ্ট করে জানায়, উক্ত সংবাদে উপস্থাপিত তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিয়াম ফাউন্ডেশন জানিয়েছে, আলোচিত প্রশিক্ষণ কার্যক্রমটি কোনোভাবেই শুধুমাত্র সচিবদের জন্য নয়, বরং সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত একটি সুপরিকল্পিত উদ্যোগ। এটি কোনো সাধারণ ইংরেজি শেখার কোর্সও নয়।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ‘Strengthening Institutional Capacity of BIAM for Conducting Core Courses’ শীর্ষক প্রকল্পের আওতায় গভর্ন্যান্স, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, পাবলিক প্রকিউরমেন্ট এবং নেগোসিয়েশন স্কিলসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশে ও বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের অধীনে কয়েকটি ব্যাচের বিদেশি প্রশিক্ষণ ইতালিতে সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিয়াম জানায়, নেগোসিয়েশন স্কিলস সংক্রান্ত বৈদেশিক প্রশিক্ষণের পরবর্তী অংশ যুক্তরাজ্যের সিভিল সার্ভিস কলেজে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক বাস্তবতায় ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে ইউরোপের পরিবর্তে এশিয়ার কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে (যেমন থাইল্যান্ড বা মালয়েশিয়া) প্রশিক্ষণ আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে।
সংবাদে প্রশিক্ষণার্থীদের সম্ভাব্য গন্তব্য হিসেবে ‘পাতায়া’ শহরের নাম উল্লেখ করাকেও কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে বিয়াম ফাউন্ডেশন। তাদের ভাষ্য অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে ‘পাতায়া’ শব্দটি ব্যবহার করে একটি গুরুত্বপূর্ণ পেশাদার প্রশিক্ষণ কর্মসূচিকে পর্যটনমূলক ও অপ্রাসঙ্গিক হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করা হয়েছে। প্রকৃতপক্ষে সম্ভাব্য ভেন্যু হিসেবে থাইল্যান্ড বা মালয়েশিয়ার কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বিবেচনায় রয়েছে।
বিয়াম আরও জানায়, বিদেশে প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি এখনো চূড়ান্ত হয়নি এবং অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এও পাঠানো হয়নি।
সঠিক তথ্য যাচাই ছাড়াই এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে বিয়াম ফাউন্ডেশন বলেছে, এতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিয়ামের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। একই সঙ্গে সরকারের একটি ইতিবাচক ও দীর্ঘমেয়াদি সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেছে তারা।
ই.এক্স/ও.আর/বার্তা বাজার






