টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বাধ্যতামূলক করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে কোনও টেলিভিশন চ্যানেলের কর্মী বর্তমান কর্মস্থল পরিবর্তন করে অন্য কোনও চ্যানেলে যোগ দিতে চাইলে তাকে আগের প্রতিষ্ঠানের লিখিত ছাড়পত্র জমা দিতে হবে।
রবিবার (১৭ মে) জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন অথবা অব্যাহতির পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (এনওসি) বা ছাড়পত্র গ্রহণ না করে অন্য কোনও প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, অন্য কোনও টেলিভিশন চ্যানেলে যোগদানের পূর্বে কর্মরত বা সর্বশেষ কর্মস্থল থেকে অনাপত্তি পত্র নেওয়া বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনাপত্তি পত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করলে বা যোগ দিলে উক্ত কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই অবস্থায় সদস্যদেরকে উল্লেখিত নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানিয়েছে অ্যাটকো।
তবে এই সিদ্ধান্ত প্রকাশের পর গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের ফোরামে এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
বার্তা বাজার/এমএমএইচ






