মন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রায় এক মাস পর রাজকীয় অভ্যর্থনার মধ্য দিয়ে নিজ জেলা রাঙামাটিতে ফিরেছেন সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান। হাজারো নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। বুধবার (১ জুলাই) বিকেলে রাঙামাটিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তিনি বক্তব্য দেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে দীপেন দেওয়ান বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, তবে এবার আর বরদাশত করবো না। একই সঙ্গে তিনি পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পাহাড়ি ও বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এর আগে ঢাকা থেকে সড়কপথে রাঙামাটিতে পৌঁছালে কাউখালী উপজেলার বেতবুনিয়ার গোদারপাড়, ঘাগড়াসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিকেল ৪টার দিকে তিনি দলীয় কার্যালয়ে পৌঁছান। পদত্যাগের পর এটিই ছিল নেতাকর্মীদের সঙ্গে তার প্রথম সরাসরি সাক্ষাৎ। দীর্ঘ দিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে দীপেন দেওয়ান বলেন, আমি সবসময় তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। তৃণমূলই হচ্ছে বিএনপির প্রাণ ও শক্তি।
ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আমি এখনো সংসদ সদস্য আছি সেটা ভুলে যাবেন না। বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
আরও বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
উল্লেখ্য, গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। দায়িত্ব গ্রহণের ১০২ দিন পর তার এই পদত্যাগ দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে তাকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে বিএনপির নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়।






