ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বৃষ্টি উপেক্ষা করে রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম

বৃষ্টি উপেক্ষা করে রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

রংপুরে চার দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বৃষ্টি বাগড়া দিলেও নেতাকর্মীদের ঢল নেমেছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দলে দলে মিছিল নিয়ে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশস্থলে জড়ো হয়েছে লাখো মানুষ।

শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার পর থেকে বৃষ্টি শুরু হলেও তাতে ভাটা পড়েনি জনস্রোতে। ছাতা, পলিথিন কিংবা ভেজা কাপড়েই নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি যেন উল্টো তাদের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য এই সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশকে ঘিরে সকাল থেকেই রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন জেলা-উপজেলা-ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আসতে দেখা যায় নেতাকর্মীদের। দুপুর গড়িয়ে আকাশ মেঘলা হলেও তাতে ভাটা পড়েনি। বরং বেলা আড়াইটার পর আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আর এই বৃষ্টি উপেক্ষা করে সমাবেশের মাঠে অবস্থান নিয়ে দলীয় নেতাদের বক্তব্য শুনছেন নেতাকর্মী ও সমর্থকরা।

সরেজমিনে দেখা গেছে, রংপুর মহানগরীর প্রবেশমুখগুলো দিয়ে ভেজা কাপড়েই মিছিল নিয়ে ঢুকছেন মানুষ। অনেকের হাতে দলীয় পতাকা, কেউ আবার স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন।

পীরগাছা থেকে আসা জামায়াতে ইসলামীর কর্মী ফুয়াদ হাসান বলেন, বৃষ্টিতে ভিজে গেলেও সমস্যা নেই, শুধু নেতার বক্তব্য শুনতে চাই। এই সমাবেশ তো দেশের জন্য, দেশের মানুষের জন্য। একটু না হয় কষ্ট হলো, তবুও রংপুরের মানুষের দাবিগুলো সরকার মেনে নেয়।

আরেক কর্মী জুনায়েদ ইসলাম বলেন, বৃষ্টির জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টই আনন্দ হয়ে যাবে যখন আমির সাহেবকে সামনে থেকে দেখতে পারবো। তার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে পারব। বৃষ্টি হলেও আমরা এসেছি, এটাই আমাদের দলের প্রতি ভালোবাসা ও সমর্থন। আমরা তিস্তা মহাপরিকল্পনাসহ সব দাবি বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

সমাবেশের শুরুতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, মহানগর জামায়াতে ইসলামীন আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি ইব্রাহিম খলিল, এবি পার্টির রংপুর মহানগর সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, বাংলাদেশ লেবার পার্টির রংপুর মহানগর সভাপতি শামসুদ্দিন রাজা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ এম. শরিফুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন