ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হেফাজতের সঙ্গে বৈঠকে বসছে কওমি ঘরানার ইসলামি দলগুলো

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম

হেফাজতের সঙ্গে বৈঠকে বসছে কওমি ঘরানার ইসলামি দলগুলো

ঈমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে কওমি ঘরানার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পথচলার উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় কওমি ঘরানার সকল ইসলামি রাজনৈতিক দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, ঈমান-আকিদা রক্ষা ও জাতীয় স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই। এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের অংশ হিসেবেই উক্ত সভার আয়োজন করা হয়েছে। সভার কার্যক্রমে অংশগ্রহণ ও একে সফল করতে প্রতিটি দলকে তাদের সভাপতিসহ মোট তিনজন প্রতিনিধি পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা খলিল আহমদ কাসেমী এবং হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান যৌথভাবে এই বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

হেফাজত আমির আল্লামা বাবুনগরীর খাদেম মাওলানা আব্দুল খালেক জানান, অনুষ্ঠানে সাতটি ইসলামি দল দাওয়াত পেয়েছে। দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টি।

জানা গেছে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা কওমি ঘরানার চারটি দলকে জোট থেকে বেরিয়ে আসতে আগেই বলা হয়েছে হেফাজতের পক্ষ থেকে। আগামীকালের সভায় এ ব্যাপারে আবারও তাগিদ দেওয়া হতে পারে। এছাড়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামি দলগুলোর ভূমিকা কী হবে সে ব্যাপারেও পরামর্শ সভায় আলোচনা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, ইসলামি দলগুলো হেফাজতের এই ডাকে সাড়া দিচ্ছে। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ ও মুফতি রেজাউল কারীম আবরার বৈঠকে অংশ নেবেন।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দলের আমির মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং মাওলানা ফয়সাল আহমদ বৈঠকে যোগ দেবেন। বাকি পাঁচটি দলেরও শীর্ষ একাধিক নেতা এই বৈঠকে অংশ নিচ্ছেন বলে আওয়ার ইসলাম নিশ্চিত হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন