ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব: নাহিদ ইসলাম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম

আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব: নাহিদ ইসলাম

শহীদ আবু সাঈদকে জুলাই শহীদদের ইমাম ও জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন- আজ সেই দিন, ২০২৪ সালের এই দিনে, এই রংপুরের মাটিতে রংপুরের সন্তান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় ছাত্র আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে তৎকালীন স্বৈরাচারী হাসিনার দমন নীতির বিরুদ্ধে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন। বুলেট বুকে নিয়ে শাহাদাত বরণ করেছেন। তার শাহাদাতের মধ্য দিয়ে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান ও বিপ্লবের যাত্রা শুরু হয়। আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম, এই জুলাই বিপ্লবের রুহানি নেতৃত্ব, আবু সাঈদ আমাদের সবার পূর্বসূরী।

তিনি বলেন, মুক্তিরও মন্দিরও সোপানতলে যে হাজারো প্রাণ অকাতরে বলিদান হয়েছে, সেসব প্রাণের অগ্রসেনানী ছিলেন আবু সাঈদ। আবু সাঈদের এই শাহাদতবরণকে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আমরা তার জন্য দোয়া করেছি। আবু সাঈদের পাশাপাশি শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ নাঈমা সুলতানা, শহীদ রিয়া গোপ, শহীদ হৃদয় চন্দ্র তরুয়াসহ যে হাজারো ভাই-বোনেরা শহীদ হয়েছেন এবং ত্রিশ হাজার আহত হয়েছেন আমরা সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা স্মরণ করছি, শহীদ আবু সাঈদের শাহাদতে উদ্বুদ্ধ হয়ে যেসব শ্রমিক, পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, আলেম সমাজ, নারী, প্রবাসী ভাই-বোন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমরা তাদের স্মরণ করছি।

শহীদদের শ্রদ্ধায় সীমাবদ্ধ না রেখে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমরা মনে করি আজকের এই দিনে শুধু স্মরণ আর শ্রদ্ধা নিবেদনের মধ্যে নয়, যে কারণে আবু সাঈদরা শহীদ হয়েছেন, আমরা তাদের উত্তরসূরি। আমাদের দায়িত্ব সেই নতুন বাংলাদেশ, বৈষম্যবিরোধী বাংলাদেশ, আমাদের সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাইয়ের পরে আমাদের দায়িত্ব, বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা দেখেছি, নির্বাচন হয়েছে কিন্তু বিচার এবং সংস্কার এখনো বাংলাদেশের জনগণ পায়নি। আবু সাঈদের মামলার রায় হয়েছে, কিন্তু রায় এখনো কার্যকর করা হয়নি। মামলার আপিল হয়েছে, আপিল দ্রুত নিষ্পত্তি করে রায় কার্যকর করতে হবে। বাংলাদেশের জনগণ রায় কার্যকর দেখতে চায়। আবু সাঈদের মামলার আসামি শেখ হাসিনা, আমরা আসা করব সরকার দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ এনসিপির শীর্ষ নেতারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন