জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা আশা করব- বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন উনারা বিচার করবেন। আমরা বাংলাদেশে আর কোনো সহিংস রাজনীতি দেখতে চাই না।
তিনি বলেন, একজন এইচএসসি পড়ুয়া ছেলে যিনি কাউকে কখনো মারতে যাননি- হামলায় তিনি চোখ হারাতে বসেছেন। তার বাবা অসুস্থ মা প্রতিবন্ধী। এখন অপারেশন থিয়েটারে আছেন। আপনি কি পারবেন তার চোখটা ফেরত দিতে? আমরা এতটুকুই বলব- প্রিয় তারেক রহমান আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব। আমরা আর কিছু বলব না। আপনি আপনার ক্ষমতা চালান। আমরা কিচ্ছু চাই না; কিন্তু আমরা আলিফের চোখটা ফেরত চাই।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।
গোলাপগঞ্জে হামলার বিষয়ে তিনি বলেন, সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে। সেখানে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়- তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি কথা বলি বেশি; এজন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে কতটুকু যাইতে পারে আমরা সেই মাত্রাটা দেখব। তাহলে সারজিস আলমের গাড়িতে কেন হামলা হলো।
নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন তোলেন, সিলেটে পাঁচ প্লাটুন বিজিবি নামানো হয়েছে, বিজিবি নামানোর পরেও তাহলে হামলাটা কেন হলো। তিনি অভিযোগ করে বলেন, পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে।
এনসিপি নেত্রী ও সংরক্ষিত আসনের নারী এমপি মাহমুদা মিতু বলেন, জুলাই আন্দোলন হয়েছিল গণতান্ত্রিক কাঠামো ফেরতে; কিন্তু বিএনপি আবারও ফ্যাসিবাদী কাঠামোয় ফেরত যাচ্ছে।






