১৯ সেপ্টেম্বরে ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণভাবে সফল করতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ১১ দলীয় ঐক্যের।
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা মহানগরী উত্তর, গাজীপুর মহানগরী ও জেলা, টাঙ্গাইল জেলা, সিরাজগঞ্জ জেলা, বগুড়া জেলা ও মহানগরী, জয়পুরহাট জেলা, পাবনা জেলা, গাইবান্ধা জেলা এবং রংপুর জেলা ও মহানগরীর জামায়াতের নেতৃবৃন্দ, ছাত্র ও শ্রমিক কল্যাণের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর রুটে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি-সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ লংমার্চে নেতৃত্ব দেবেন।
বৈঠকে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ, মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর পর্যন্ত মানবপ্রাচীর তৈরি করা; গাজীপুর বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা, গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ সুন্দরভাবে সফল করার লক্ষ্যে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত সংশ্লিষ্ট জেলা/মহানগরীর দায়িত্বশীলগণ লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তাঁদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন।
লংমার্চ কর্মসূচি সার্বিকভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিলি ও প্রশাসনের সাথে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের জন্য সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনে দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।






