বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা বললেন, আওয়ামী লীগ সরকার একেকজন জনগণের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা রেখে দেশ থেকে পালিয়ে গেছে।
আজ শনিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টি.আর কর্মসূচির আওতায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাদুয়ারচর উত্তরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির নির্মাণে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিরিন সুলতানা বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজরা নিজের দেশে গ্যাসকূপ খনন না করে পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য ১ টাকার জিনিস ১০ টাকা দিয়ে গ্যাস এনেছে, দেশে ভর্তুকি দিয়েছে। আজকে আমাদের হাজার হাজার কোটি টাকা জনগণের ঘাড়ে রেখেছে। একেকজন জনগণের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা রেখে দেশ থেকে পালিয়ে গেছে। একজন শিশু যদি জন্মগ্রহণ করেন, তার ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করতে হবে। এমন বেহাল দশার মধ্য দিয়ে আমরা দেশ পরিচালনা করছি।
বাংলাদেশের সকল ধর্মের মানুষদের নিয়ে একত্রে বাংলাদেশি জাতি হিসেবে গড়ে তুলতে চাই। কারো ভয়ের কারণ নেই। বিগত দিনে একটি দল আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে গুপ্ত থেকে আওয়ামী লীগ পরিচয় দিয়ে তারা রাজনীতি করেছে। এখন আবার তারা নিজেদের পরিচয়ে এসে তাদের ছত্রছায়ায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিটিং-মিছিল করে দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে-উল্লেখ করেন তিনি।
এআর






