কক্সবাজার শহরের পিটি স্কুল এলাকার সামনে থেকে অপহৃত এক ব্যবসায়ীকে টেকনাফ থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। এ সময় অপহরণ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ অক্টোবর রাত ১০টার দিকে কক্সবাজার পৌরসভার পিটি স্কুল মোড় থেকে মো. আলমগীর (৩১) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হন। পরে তার পরিবার সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করে। র্যাব-১৫ তদন্তে নেমে জানতে পারে, আলমগীরকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি বিশেষ দল টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকায় অভিযান চালায়। এ সময় অপহরণকারীদের কবল থেকে ব্যবসায়ী মো. আলমগীরকে উদ্ধার করা হয় এবং অপহরণ চক্রের সদস্য মো. রবিউল হাসান (১৯) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে অপহরণকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত রবিউল হাসান টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে। এ ঘটনায় ভিকটিমের পিতা মো. বজল হাকিম বাদী হয়ে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। র্যাব-১৫ জানিয়েছে, অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা বাজার/এস এইচ






