সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুলিশ তিনজনকে আটক করেছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে একটি সিএনজি অটোরিকশার ভেতরে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিতে বসে থাকা অবস্থায় কয়েকজন যুবক হঠাৎ বিভিন্ন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহমান রিয়াদের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে এবং ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা খুব অল্প সময়ের মধ্যেই তাকে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা জানান, ঘটনার আকস্মিকতায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও রিয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহতের বাবা রেজাউল করিম বলেন, তার ছেলে নিয়মিত প্রাইভেট পড়তে যেত। মাগরিবের পর ফোনে তাকে জানানো হয় রিয়াদ অসুস্থ এবং দ্রুত হাসপাতালে যেতে বলা হয়। হাসপাতালে গিয়ে তিনি ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তিনি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেন, আর কোনো বাবার বুক যেন এভাবে ফাঁকা না হয়।
পুলিশ জানায়, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকা ভিত্তিক পূর্ব শত্রুতা বা বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে তিনি জানান। মরদেহ হস্তান্তরসহ অন্যান্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও পুলিশ সুপার জানান।
বার্তাবাজার/এমএইচ





