ময়মনসিংহের ভালুকা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সিডস্টোর–সখিপুর সড়কের আজিজুল হক মেম্বারবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম আবু বকর সিদ্দিক (৫৫)। তিনি ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন খানের ছেলে। আবু বকর সিদ্দিক ৭৮ নম্বর পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ শেষে মোটরসাইকেলে করে ভালুকা উপজেলা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলের পেছনের আসনে বসে ছিলেন তিনি। এ সময় সিডস্টোর–সখিপুর সড়কের আজিজুল হক মেম্বারবাড়ী মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাছবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আজাহারুল ইসলাম মাস্টার (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দুর্ঘটনায় জড়িত মাছবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকটির নম্বর (১২৩৪০৬) বলে পুলিশ জানিয়েছেন।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




