চট্টগ্রামে বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও সিএনজি অটোরিকশা সহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বিষয়টি জানান মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান।
তিনি জানান, বুধবার বিকাল ৪.০৫ মিনিটে সিএমপির চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে অবস্থানকালে সংবাদ পাওয়া যায় যে, কুয়াইশ কলেজ গেইট হইতে একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী সিএনজি করে অস্ত্র নিয়ে পাঁচলাইশ থানাধীন বাদুরতলা দিকে আসছে। যার ভিত্তিতে সিএমপির চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বালুর টাল সংলগ্ন সিটি লাইটস পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করার সময় একটি সিএনজি অটোরিকশাকে (চট্ট মেট্রো-খ-১৩-১৪৯০) সিগন্যাল দিলে সিএনজিটি সিগন্যাল অমান্য করে দ্রুত ও বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন গোয়েন্দা পুলিশের (উত্তর) টিম ২এর সদস্যরা সিএনজি অটোরিকশাটি আটক করতে সক্ষম হয়।
আটক সিএনজি অটোরিকশা চালক মোঃ আলমগীর জিজ্ঞাসাবাদে জানায় যে, তার কাছে একটি অবৈধ অস্ত্র আছে এবং সে উপস্থিত সাক্ষীদের সামনে চালকের সিটের নিচ থেকে ১টি বিদেশী পিস্তল (যাহার গায়ে খোদাই করা ইংরেজীতে 7.65, 7 RND, MADE IN U.S.A NO.111 KGF লেখা), (খ) ০১ টি পিস্তলের ম্যাগাজিন, গ) ০৩ (তিন) রাউন্ড পিস্তলের তাজা গুলি (যার প্রতিটির পেছনে ইংরেজিতে KF 7.65 লেখা) বের করে দেয়।
আটক সিএনজি অটোরিকশা চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/এমএইচ





